মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে ক্ষেতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ২ জন এলাকাছাড়া
২৭

মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে কৃষি ক্ষেতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। তাদেরকে রাতেই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় ইউনিয়নের মহেশপুর গ্রামের সরকার বাড়ি সংলগ্ন আলু ক্ষেতে এ ঘটনা ঘটে। এসময় বিকট শব্দ আশপাশের মাকহাটি ও রাজারচর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। তৈরি হয় আতঙ্ক। অনেকে মোবাইল ফোনে মুহুর্তটি ধারণ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

সূত্র জানায়, বিস্ফোরণে আহতরা হলেন- স্থানীয় নজরুল খানের পুত্র শাকিল খান (৩৫) ও জসিমউদ্দীন মোল্লার পুত্র বাবু (৪৫)। গতকাল রাত থেকে তাদের এলাকায় অবস্থান নেই। প্রতিবেশী কয়েকজনের সাথে যোগাযোগ করলেও তারা অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেননি।

আহত শাকিল খানের ভাই সাকিব খান ও রাকিব খানের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও একজনের নাম্বার বন্ধ ও অপরজন কল গ্রহণ করেননি।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে এলাকাটিতে পুলিশ পরিদর্শনে যায় এবং স্থানীয়দের সাথে কথা বলে। তবে সেখানে কোন আলামত পাওয়া যায়নি। যাদের আহত বলা হচ্ছে তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ