মুন্সিগঞ্জের গজারিয়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি: এলাকায় আতঙ্ক, টহল জোরদারের দাবি
মুন্সিগঞ্জ, ২৯ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে এক রাতে পাঁচটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘনঘন চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনাগুলো ঘটে।
চুরির শিকার পরিবারগুলো হলো— আতাউর রহমান সরকার (পিতা: মৃত আব্দুস সামাদ), তোফাজ্জল হোসেন সরকার (পিতা: মৃত চুনু মিয়া সরকার), জয়নাল আবেদীন (পিতা: বাবুল প্রধান), জসিম উদ্দিন (পিতা: শামছুল ইসলাম) এবং ফারুক হোসেন (পিতা: মোবারক হোসেন)।
ভুক্তভোগী আতাউর রহমান সরকার জানান, অজ্ঞাতনামা চোরেরা পরিকল্পিতভাবে তার বসতঘরের সিঁড়িঘরের ওপরের টিন কেটে এবং দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১৫ হাজার টাকা ও প্রায় ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
তিনি আরও জানান, একই রাতে তার প্রতিবেশী তোফাজ্জল হোসেনের বাড়িতে কেচি গেটের তালা ভেঙে চোরেরা প্রবেশ করে। এরপর চারটি কক্ষের তালা ভেঙে দুটি কাঠের আলমারি, একটি স্টিলের আলমারি ও ওয়ারড্রব তছনছ করে নগদ ৫০ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালংকারসহ (আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা) প্রায় ৩০ হাজার টাকার অন্যান্য মালামাল চুরি করে।
এছাড়া বাবুল প্রধানের বাড়ি থেকেও নগদ প্রায় ১০ হাজার টাকা ও ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা।
একই রাতে ধারাবাহিকভাবে পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। আগে নিয়মিত পুলিশ টহল থাকলেও বর্তমানে তা কমে গেছে বলে অভিযোগ করেন তারা। টহল জোরদার করা হলে চুরি কমে আসবে বলে তাদের বিশ্বাস।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে চোরচক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




