মুন্সিগঞ্জে হত্যা মামলায় ৭ আসামীর আমৃত্যু কারাদন্ড
মুন্সিগঞ্জ, ১৬ জানুয়ারি, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার মোয়াজ্জেম নামের বিকাশ দোকানীকে হত্যা করে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার মামলার ঘটনার সাথে জড়িত ৭ জন আসামীকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এই রায় প্রদান করেন।
দন্ড প্রাপ্তরা হলেন, আল আমিন শেখ, শাহজাহান ভূইয়া, খোরশেদ আলম, মাসুদ সরদার, শামীম শেখ, আল মামুন মোল্লা, আ: রাজ্জাক।
এদের মধ্যে ৪ জন আসামী আদালতে উপস্থিত ছিলো। বাকী ৩ জন ছিলো পলাতক।
১৬ জন স্বাক্ষীর জবান বন্দী ও স্বাক্ষ্য প্রমানে হত্যার ঘটনা প্রমানিত হওয়ায় আদালত এই রায় দেন।
পাশাপাশি আদালত প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের বিজ্ঞ পিপি এ্যাড. আব্দুল মতিন মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বিগত ২০১৫ সালে টংগিবাড়ী থানার কুন্ডের বাজার গ্রামে মোয়াজ্জেম নামের একটা ছেলে সে বাড়ীর পাশে বাজারে তার একটি বিকাশের দোকান ছিলো। দোকানে সে পাশাপাশি মেডিসিনও বিক্রি করিত। সে রাত্রে বাড়ী ফেরার সময় সাথে করে দেড় লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলো। এই দেড় লক্ষ টাকার জন্য ৭ জন আসামী তাকে নির্মমভাবে হত্যা করে। আজকে আদালত ওই মামলার রায় দিয়েছে। সকল আসামীকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। এই রায়ে আমরা সন্তুষ্ট।
অন্যদিক আসামীপক্ষে আইনজীবী হিসাবে ছিলেন, এ্যাড. মুজিবুর রহমান ও এ্যাড. শ ম হাবিব।








