মুন্সিগঞ্জে স্ত্রীকে হত্যার সন্দেহে স্বামী আটক
মুন্সিগঞ্জ, ১২ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় রিনা আক্তার (৩২) নামে দুই সন্তানের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামী সুমন সরকারকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ বসতঘর থেকে রিনার মরদেহ উদ্ধারের পর শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়।
আটক সুমন সরকার উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামের মৃত আব্দুস বাছেদ সরকারের ছেলে। নিহত রিনা আক্তার একই এলাকার বাসিন্দা এবং সুমনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামে। তিনি ইব্রাহিম মিয়ার মেয়ে। রিনা এক ছেলে ও এক মেয়ের মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে রিনা ও সুমনের মধ্যে ঝগড়া হয়। এ সময় সুমন তাঁর স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ স্থানীয়দের। রিনাকে রক্ষা করতে গেলে সুমনের মাকেও মারধর করা হয় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে প্রতিবেশীরা রিনাকে তাঁর ঘরে দিয়ে যান।
স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় রিনাকে শ্বাসরোধ করে হত্যা করে সুমন পালিয়ে যান। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিনার মরদেহ উদ্ধার করে।
পরে শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করে গজারিয়া থানা পুলিশ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন সুমনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে আটক করা হয়েছে। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।’
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









