মুন্সিগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
মুন্সিগঞ্জ, ২ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে মারধর করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বিজয় (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গত শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মাইফরশপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ভবনের সিঁড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত বিজয় মিরকাদিম এলাকার একটি হার্ডবোর্ড কারখানায় কাজ করতেন। একই কর্মস্থলে কাজ করার সুবাদে তাদের মধ্যে পরিচয় ছিল। ঘটনার দিন বিকেল ৫টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বিজয় ওই কিশোরীর পিছু নেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে একটি পরিত্যক্ত ভবনের সামনে নিয়ে যান।
অভিযোগ অনুযায়ী, সেখানে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করলে সে বাধা দেয়। এ সময় বিজয় তার ওড়না দিয়ে কিশোরীর মুখ বেঁধে পাশের একটি লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এতে কিশোরী আহত হয়। একপর্যায়ে সে মাটিতে পড়ে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় কিশোরী। তার বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে টংগিবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় অভিযুক্ত বিজয়কেও গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে টংগিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ। তিনি বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।









