মুন্সিগঞ্জে মেডিকেল কলেজ নির্মাণ কাজে অগ্রগতি নেই, সম্ভাবনা বেশি সদরে হওয়ার
106

মুন্সিগঞ্জ, ২ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত মেডিকেল কলেজ নির্মাণ কাজে নতুন কোন অগ্রগতি নেই। এ সংক্রান্ত ফাইলটি গত ৪ মাস ধরে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে আটকে আছে।

এছাড়া যেহেতু মেডিকেল কলেজ নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের একটি বিশেষ টিম গত বছরের আগস্টে জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অভ্যন্তরের জায়গা পরিদর্শন করে গেছে তাই এখানেই মেডিকেল কলেজ নির্মাণের সম্ভাবনা বেশি।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের দায়িত্বশীল একাধিক সূত্রের সাথে কথা বলে এসব তথ্য পেয়েছে আমার বিক্রমপুর।

গতকাল বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ সদর উপজেলার পরিবর্তে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে শ্রীনগর/সিরাজদিখানে মেডিকেল কলেজ নির্মাণের বিষয়টিকে ইঙ্গিত করে বক্তব্য ও যুক্তি তুলে ধরেন।

এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার মুন্সিগঞ্জ পৌর পার্ক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকরা এ প্রসঙ্গে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে তার অবস্থান তুলে ধরেন।

বিষয়টি নিয়ে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, যুক্তি-পাল্টা যুক্তি দেখা যায়।

জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য সরকার নীতিগত অনুমোদন প্রদান করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বর্ণিত মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে পরবর্তী সময়ে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন প্রদান করা হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এই আদেশটি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে সবশেষ অগ্রগতি জানতে চাইলে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, প্রজ্ঞাপন জারির পর হালনাগাদ কোন তথ্য আমাদের কাছে নেই। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দুই বিভাগ এ বিষয়ে পরবর্তী কার্যক্রম অর্থাৎ জায়গা পরিদর্শন ও নির্ধারণ, নকশা প্রণয়ন কাজগুলো করবে। তবে, উনারা আগেও যেহেতু একবার ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের অভ্যন্তরে এটি নির্মাণের জন্য পরিদর্শন করে গেছেন, এবং কোথায় কি অবকাঠামো হতে পারে তার একটা প্রাথমিক আলোচনাও হয়েছে তাই সেখানের বিষয়টি তারা অগ্রাধিকার দিবেন কি না সেটি তাদের বিষয়।

তিনি আরও বলেন, যে প্রজ্ঞাপন হয়েছে সেখানে কোন সুনির্দিষ্ট জায়গার কথা বলা হয়নি। অর্থাৎ মেডিকেল কলেজটি কোথায় হবে সেটি এখনো নির্দিষ্ট করে বলা যাবে না। বর্তমানে প্রকল্পটি ডিজাইন পর্যায়ে আছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ