মুন্সিগঞ্জে মধ্যরাতে বসতঘরে ককটেল বিস্ফোরণে মালিক আহত, ধামাচাপার চেষ্টা
৮০৬

মুন্সিগঞ্জ, ৯ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় নিজ বসতঘরে ককটেল বিস্ফোরণে শাহজাহান খলিফা (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে উল্লেখ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহত শাহজাহান খলিফা মফিজুল খলিফার ছেলে। শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত ৪টার দিকে তিনি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এস এম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণে শাহজাহানের মুখের চোয়াল ও কানের নিচের অংশে জখম হয়েছে। তবে আঘাতের ধরন দেখে এটিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে মনে হয়নি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে শরীরে আগুনে পোড়ার চিহ্ন থাকার কথা বলেও জানান তিনি।

ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ সময় আহত ব্যক্তি ঘটনাটিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে উল্লেখ করলেও পুলিশের বক্তব্যে ভিন্ন তথ্য উঠে আসে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল বিস্ফোরণের আলামত পেয়েছি। তারা বিষয়টি ধামাচাপা দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে উল্লেখ করে।

ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে। ওই বাড়িতে আরো ককটেলের মজুদ আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ