মুন্সিগঞ্জে বাইরে থেকে স্বামী-সন্তানকে ঘরে তালা দিয়ে গৃহবধূ উধাও
মুন্সিগঞ্জ, ১১ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার মোলারচর এলাকায় পাঁচ বছরের সন্তান ও স্বামীকে ঘরে তালাবদ্ধ করে রেখে এক গৃহবধূ চলে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ২৪ জুলাই ভোরে এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ গৃহবধূর নাম ইসমিকা (২৩)। তিনি ‘ইরা’ নামেও পরিচিত। তাঁর শ্বশুরবাড়ি মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোল্লারচর এলাকায়। বাবার বাড়ি সদর উপজেলার আধারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাঢ়ীপাড়া এলাকায়।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ জুলাই ভোর ৬টার দিকে ইসমিকা তাঁর পাঁচ বছরের সন্তান ও স্বামীকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ২৭ জুলাই মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে ইসমিকার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাঁর সন্ধান পেলে ০১৯২৪৫৮৯৭১৬ অথবা ০১৮১২১৫২৩৭৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
তবে গৃহবধূ কেন স্বামী-সন্তানকে ঘরে তালাবদ্ধ করে চলে গেছেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।









