মুন্সিগঞ্জে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ৫ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি চুরি হওয়া সিএনজি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ মে) ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সারাদিন সোহাগ গাজী এলাকা সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে আল আমিন (৩৬), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল (৩১) এবং একই উপজেলার পোড়াচক বাউশিয়া (ডোহলবাড়ি) এলাকার বাচ্চু মিয়ার ছেলে রুহুল আমিন (৩৮)।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া সিএনজি সংগ্রহ করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। অভিযানে একটি চুরি হওয়া সিএনজি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





