মুন্সিগঞ্জে ১৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরৎ দিলো পুলিশ
মুন্সিগঞ্জ, ৪ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উদ্যোগে হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার (৪ মে ২০২৬) দুপুর ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
নিজ হাতে তিনি উদ্ধার হওয়া মোবাইলগুলো সংশ্লিষ্ট মালিকদের কাছে তুলে দেন।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবিরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি দল হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) ভিত্তিক তদন্ত চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মোবাইল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এটি একটি চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও গোয়েন্দা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্ধার হওয়া মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





