মুন্সিগঞ্জ সদর-গজারিয়ায় কাঁচা-পাকা সড়ক কত কিলোমিটার, সংসদে জানালেন এলজিআরডি মন্ত্রী
মুন্সিগঞ্জ, ৩০ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
জাতীয় সংসদে মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সড়ক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
তার প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
গতকাল রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নের মাধ্যমে তিনি জানতে চান—মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায় স্থানীয় সরকার বিভাগের অধীন মোট কত কিলোমিটার কাঁচা ও পাকা সড়ক রয়েছে এবং সেগুলো পর্যায়ক্রমে উন্নয়নের পরিকল্পনা কী।
জবাবে এলজিআরডি মন্ত্রী জানান, মুন্সিগঞ্জ জেলার সদর ও গজারিয়া উপজেলায় মোট ৬১০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পাকা সড়ক ৩৪৯ কিলোমিটার এবং কাঁচা সড়ক ২৬১ কিলোমিটার।
উপজেলা ভিত্তিক হিসেবে—মুন্সিগঞ্জ সদর উপজেলায় পাকা সড়ক ২১১ কিলোমিটার এবং কাঁচা সড়ক ১২৮ কিলোমিটার; মোট ৩৩৯ কিলোমিটার।
গজারিয়া উপজেলায় পাকা সড়ক ১৩৮ কিলোমিটার এবং কাঁচা সড়ক ১৩২ কিলোমিটার; মোট ২৭১ কিলোমিটার।
মন্ত্রী আরও জানান, এসব কাঁচা সড়ক গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনায় পর্যায়ক্রমে পাকাকরণের আওতায় আনা হবে। সংসদে দেওয়া এ তথ্যের মাধ্যমে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়ার সড়ক অবকাঠামোর বর্তমান চিত্র স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





