ফ্যাক্টচেক: সীমান্তে মাইন বিস্ফোরণের সময় ‘গুপ্তচর আটক’ নয়, এটি মুন্সিগঞ্জের পুরোনো ভিডিও
37

মুন্সিগঞ্জ, ৮ জুন ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ সোমবার সকাল থেকে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরা আলুক্ষেতের মধ্যে থেকে এক যুবককে দৌড়ে গিয়ে আটক করছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের সময় এক ভারতীয় গুপ্তচরকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আমার বিক্রমপুরের অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণে দেখা যায়, অন্তত এক হাজারের বেশি ফেসবুক পেজ, গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে একই ধরনের ক্যাপশন দিয়ে ভিডিওটি প্রচার করা হয়েছে। অনেক পোস্টে ঘটনাটিকে সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে।

তবে ভিডিওটির প্রকৃত ঘটনা সম্পূর্ণ ভিন্ন।

আমার বিক্রমপুরের যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে, ভিডিওটি মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকার। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টির চেষ্টা করেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকদের একটি অংশ।

ঘটনার খবর পেয়ে এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আবু জুবায়ের অর্ণব। ওই সময় আলুক্ষেতের ভেতর থেকে কয়েকজনকে আটক করার দৃশ্য স্থানীয় সাংবাদিকদের ক্যামেরায় ধারণ করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওটি ধারণ করেন আমার বিক্রমপুরের প্রকাশক এবং স্টার নিউজ টেলিভিশনের মুন্সিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক শিহাব আহমেদ।

তিনি বলেন, মূল ভিডিওগুলো এখনো আমার কাছে সংগৃহীত রয়েছে। কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলেও যাচাই করা সম্ভব যে- এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রীক ঘটনা। সেদিন এ ভিডিওটি স্টার নিউজের ফেসবুক পেজ থেকে ‘মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ, ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী’ শিরোনামে প্রথম প্রকাশিত হয়। এরপর প্রকাশিত হয় আমার বিক্রমপুরের ফেসবুক পেজে ‘মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে আলু ক্ষেতে দৌড়ে ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী’ শিরোনামে।

লিংক ১:

‘মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ, ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী’

লিংক ২:

‘মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে আলু ক্ষেতে দৌড়ে ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী’

এছাড়াও সময় টেলিভিশনের ওয়েব পোর্টাল, দৈনিক ইত্তেফাকে ওয়েবসাইট, ঢাকা পোস্টদৈনিক সময়ের আলো পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়।

ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি, মাইন বিস্ফোরণ কিংবা কোনো গুপ্তচর আটকের ঘটনার কোনো সম্পর্ক নেই। পুরোনো একটি স্থানীয় ঘটনার ভিডিও নতুন ও ভিন্ন প্রেক্ষাপটে প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সুতরাং ভাইরাল ভিডিওটি সীমান্তে মাইন বিস্ফোরণের সময় গুপ্তচর আটকের নয়। এটি ১২ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে নির্বাচনী গোলযোগের ঘটনায় সেনাবাহিনীর অভিযানের ভিডিও।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ