নোংরা পরিবেশে মোরগ পোলাও-কাচ্চি তৈরি করছিলো মুন্সিগঞ্জের হাজী দম বিরিয়ানি
মুন্সিগঞ্জ, ১৭ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানি নামের একটি প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ।
আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির রান্নাঘর পরিদর্শন করে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মোরগ পোলাও, তেহারিসহ বিভিন্ন খাবার প্রস্তুত করা হচ্ছে।এছাড়া খাবারে নন-ফুড গ্রেড রঙ ব্যবহার করা হচ্ছে এবং একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ সুমনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সিগঞ্জের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।









