‘দুর্দিনে ভূমিকা রাখা’ গজারিয়ার ছাত্রদল নেতাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ
৭২

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় সামাজিক অনুষ্ঠানে তোলা ছবি ব্যবহার করে জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. তৌকির আহমেদ সাজ্জাদ ও বালুয়াকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম রানাকে সাংগঠনিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রতিবাদকারী নেতাদের দাবি, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এই দুই নেতার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সামাজিক অনুষ্ঠানে তোলা ছবিকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় ছাত্রদল নেতারা জানান, তৌকির আহমেদ সাজ্জাদ জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ছাড়াও হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

অন্যদিকে, মাসুম রানাও দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। দলের প্রতিকূল সময়ে সাংগঠনিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার কারণে তিনি বালুয়াকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান বলে জানান নেতাকর্মীরা।

গজারিয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ভাষ্য, তৌকির ও মাসুম হঠাৎ করে রাজনীতিতে আসা কেউ নন। রাজনৈতিক প্রতিকূলতা ও দমন-পীড়নের সময় যখন অনেকে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন, তখন তাঁরা সংগঠনের কার্যক্রম সচল রাখতে এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।

প্রতিবাদকারী নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা এবং ত্যাগী নেতাদের সাংগঠনিক অবস্থান দুর্বল করার উদ্দেশ্যেই তাঁদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

কোনো সংবাদ বা তথ্য প্রচারের আগে তৌকির আহমেদ সাজ্জাদ ও মাসুম রানার বিগত দিনের রাজনৈতিক ইতিহাস, ত্যাগ এবং দলের প্রতি অবদান যাচাই করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ