তিন মাসে যা কাজ হয়েছে, আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও হয়নি: মুন্সিগঞ্জে মির্জা ফখরুল
মুন্সিগঞ্জ, ২০ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় একাধিক উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। এ সময় তিনি দাবি করেন, বর্তমান সরকারের তিন মাসের কাজের পরিমাণ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরেও হয়নি।
আজ শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে গজারিয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
প্রথমে ভবেরচর বাজারে ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই তলা বিশিষ্ট গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। পরে কালীগাছতলায় ব্র্যাক অফিস-ইমামপুর সড়কের দুই কিলোমিটার রাস্তা পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তিনি।
উদ্বোধন শেষে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন, আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু আছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করে দেওয়া হবে। তিন মাসে যা কাজ হয়েছে, আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও তা হয়নি।
গজারিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ফুলদী সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এই বছরের মধ্যেই ফুলদী সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সংসদ সদস্য শাম্মী আক্তার, তাহসিনা রুশদীর লুনা, অ্যাডভোকেট ফাহমিদা নাসরিন, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।









