জাপানে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যাডমিন্টন দলে মুন্সিগঞ্জের আয়মান ইবনে জামান
মুন্সিগঞ্জ, ১৮ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশের ব্যাডমিন্টন দলে খেলছেন মুন্সিগঞ্জের গর্বিত সন্তান আয়মান ইবনে জামান। শুক্রবার ভোরে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন এই ব্যাডমিন্টন খেলোয়াড় বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তিনি মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের বড় ছেলে।
আজ শুক্রবার ভোরে নিজের ফেসবুক পেজে ছেলে আয়মান ইবনে জামান ও তার টিমম্যাটদের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কামরুজ্জামান রতন।
সেখানে তিনি লেখেন, এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশের পক্ষে ব্যাডমিন্টন ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে তার বড় ছেলে আয়মান ইবনে জামান খেলায় অংশ নিতে জাপানের উদ্দেশে যাত্রা করেছেন। তিনি খেলোয়াড়দের হেফাজত, কল্যাণ ও সাফল্যের জন্য সবার কাছে দোয়া চান।
আয়মান ইবনে জামানের ব্যাডমিন্টনে পথচলা শুরু হয় বাংলাদেশেই। মাত্র ১৫ বছর বয়সে ২০১৩ সালের বাংলাদেশ গেমসে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন তিনি। এরপর ২০১৪ ও ২০১৬ সালেও জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে শিরোপা জেতেন। যুব ও সিনিয়র—দুই পর্যায়েই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
উচ্চশিক্ষার জন্য ২০২০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আয়মান। কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স শেষ করার পর সেখানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি ব্যাডমিন্টনের সঙ্গে যোগাযোগও ধরে রাখেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিযোগিতায় অংশ নিয়ে শিরোপাও অর্জন করেন।
দীর্ঘ প্রায় নয় বছর পর চলতি বছর জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে আবারও বাংলাদেশের ব্যাডমিন্টন অঙ্গনে ফেরেন আয়মান। দেশে ফেরার পেছনে মূল প্রেরণা ছিল বাংলাদেশের হয়ে আবারও আন্তর্জাতিক পর্যায়ে খেলার আকাঙ্ক্ষা।
এক সাক্ষাৎকারে আয়মান ইবনে জামান বলেছিলেন, বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা আবারও জেতা এবং এরপর আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে ভালো ফল করা তার লক্ষ্য।
তিনি বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি। এখান থেকেই আমার খেলা শুরু করেছিলাম। এখন আমার যে পারফরম্যান্স, সেটা আমি দেশের হয়ে খেলতে চাই। আমি ইউএসএ-এর হয়ে খেলতে চাই না। যেখানে আমি জন্মেছি, সে দেশের হয়ে খেলতে চাই।’
জাতীয় চ্যাম্পিয়নশিপে ফেরার সময় আয়মান আরও জানিয়েছিলেন, সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করলেও এখন তিনি ব্যাডমিন্টনে পুরোপুরি মনোযোগ দিতে চান এবং বাংলাদেশের জন্য কিছু করতে চান।
বাংলাদেশের ব্যাডমিন্টনের উন্নয়ন নিয়েও কথা বলেছেন আয়মান। তার মতে, দেশের তরুণ শাটলারদের মধ্যে সম্ভাবনা রয়েছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণ, আধুনিক প্রশিক্ষণ, পুষ্টি ও পর্যাপ্ত আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে।
এদিকে আয়মানের বাবা কামরুজ্জামান রতন ছেলের সিদ্ধান্তে নিজের গর্বের কথাও জানিয়েছেন। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রে আয়মান যতটা অর্জন করতে পারতেন, তা দিয়ে হয়তো তিনি পরিতৃপ্ত হতেন না। বাংলাদেশের মাটিতে ফিরে দেশের হয়ে খেলাকে তিনি ছেলের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশের হয়ে জাপানের কোর্টে নামার মধ্য দিয়ে আয়মানের ক্যারিয়ারে যোগ হচ্ছে আরেকটি আন্তর্জাতিক অধ্যায়। দেশের হয়ে এই আসরে তার অংশগ্রহণের দিকে এখন তাকিয়ে মুন্সিগঞ্জের ক্রীড়াঙ্গনও।









