জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় সেনাবাহিনী-বিজিবিসহ ১৯ শীর্ষ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম মুন্সিগঞ্জের আলিফ
35

মুন্সিগঞ্জ, ৭ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত “জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা ২০২৬”-এ আইটিটি (ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল) সেগমেন্টে গোল্ড মেডেল অর্জন করে মুন্সিগঞ্জের মুখ উজ্জ্বল করেছেন জেলার কৃতি সাইক্লিস্ট শাহাদাত হোসেন আলিফ। তিনি টংগিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাদশা শেখের পুত্র।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে আজ বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ জাতীয় প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

‘ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল’ (ITT) বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নির্ধারিত ৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে আলিফ তার অসাধারণ গতির পরিচয় দেন। ৪৪ মিনিট সময় নিয়ে সাইকেল চালিয়ে তিনি দেশের সেরা সব প্রতিযোগীদের পেছনে ফেলেন। বাংলাদেশ সেনাবাহিনী-বিজিবিসহ দেশের শীর্ষস্থানীয় ১৯ জন প্রতিযোগীতে পেছনে ফেলে এই সাফল্য অর্জন করেন আলিফ।

দেশের বিভিন্ন জেলা ও সংস্থার প্রতিনিধিত্বকারী ২২টি দলের ২২৪ জন পুরুষ ও মহিলা সাইক্লিস্ট অংশ নিচ্ছেন এবারের টুর্নামেন্টে। প্রতিযোগিতায় ট্র্যাক সাইক্লিংয়ের বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে স্প্রিন্ট, টাইম ট্রায়াল ও প্যারাস্যুট ইভেন্ট।

কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আইটিটি সেগমেন্টে প্রথম স্থান অর্জন করেন শাহাদাত হোসেন আলিফ। তার এই সাফল্যে বিক্রমপুর তথা পুরো মুন্সিগঞ্জ জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

ক্রীড়াপ্রেমীরা বলছেন, আলিফের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং মুন্সিগঞ্জবাসীর জন্যও গর্বের বিষয়। তার এ কৃতিত্ব জেলার তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং জাতীয় পর্যায়ে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ