কক্সবাজারের টেকনাফ থেকে মুন্সিগঞ্জে দিতে এসে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১১ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ কেফায়েত উল্লাহ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, তিনি কক্সবাজারের টেকনাফ থেকে মুন্সিগঞ্জে এসে ইয়াবা বিক্রির চেষ্টা করছিলেন।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে নির্মাণাধীন টোল প্লাজার নতুন অফিসের দক্ষিণ-পূর্ব পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কেফায়েত উল্লাহ কক্সবাজারের টেকনাফ থানার পুরান পল্লান পাড়া এলাকার মো. সেলিমের ছেলে।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কেফায়েত উল্লাহকে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।







