মোল্লাকান্দিতে সংঘর্ষে সেলিম নিহত: রহিম মোল্লাকে প্রধান আসামি করে মামলা
১২৪৭

মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সেলিম নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ফ্রান্স বিএনপি নেতা ও মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল রহিম মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে ৬৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিহত সেলিমের বাবা আমিনুল ইসলাম মোল্লা বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- মিজানুর রহমান, সবুজ মীর, আহাদুল বেপারী, ফয়সাল কাজী, মহেশপুর এলাকার জাহাঙ্গীর আলম, ইউসুফ, খলিল ফকির, ফয়সাল সরকার ও শওকত দেওয়ানসহ অনেকে।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তারের জেরে মোল্লাকান্দি ইউনিয়নের বিএনপি নেতা আওলাদ মোল্লা ও রহিম মোল্লার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। চরডুমুরিয়া, আশুরান, মহেশপুরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া এ সংঘর্ষে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় সেলিম নিহত হন। সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে চৈতারচর এলাকায় মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আলমগীর দালাল (৪৫)। শনিবার সকালে তাঁর মরদেহ নদীতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। এর মধ্য দিয়ে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় দুইজনে।

এ ছাড়া সংঘর্ষে আহত হন শিশুসহ অন্তত পাঁচজন। আহত চার বছর বয়সী শিশু আব্দুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ককটেলের আঘাতে শিশুটির খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ