এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে মুন্সিগঞ্জ সদরের ৮ কেন্দ্রে কাল থেকে দুই ঘণ্টা করে ১৪৪ ধারা
মুন্সিগঞ্জ, ২০ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আটটি কেন্দ্রের সামনে ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
২১ এপ্রিল থেকে পরীক্ষা চলাকালে প্রতিদিন প্রতিটি কেন্দ্রের আশপাশে কঠোর নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল রোববাে (১৯ এপ্রিল) জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত—মোট দুই ঘণ্টা—কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে।
আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া অন্য কোনো ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে সব ধরনের জমায়েত, মিছিল, লাঠি বা অস্ত্র বহন এবং মাইক বা লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
যেসব কেন্দ্রে এ বিধিনিষেধ কার্যকর থাকবে, সেগুলো হলো—পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, এভিজেএম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কাজী কমর উদ্দিন সরকারি ইনস্টিটিউশন, মুন্সিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়, বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় এবং মুন্সিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
জেলা প্রশাসন বলছে, পরীক্ষা কেন্দ্রের আশপাশে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ভিড়, বিশৃঙ্খলা বা প্রভাব খাটানোর চেষ্টা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।




