এমপি ও প্রশাসনের আশ্বাসের পর বাংলাবাজারে নদীভাঙন রোধে কাজ শুরু, এলাকায় স্বস্তি
20

মুন্সিগঞ্জ, ৭ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সম্ভুহালদারকান্দি এলাকায় পদ্মা নদীর শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে অবশেষে শুরু হয়েছে প্রতিরোধমূলক কাজ। এতে স্বস্তি ফিরেছে এলাকায়।

স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর আশ্বাসের পর রোববার সকাল থেকে ভাঙনকবলিত এলাকায় জিওব্যাগ ফেলার কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রায় ৬০০ মিটার এলাকাজুড়ে ৬ হাজারের বেশি জিওব্যাগ ফেলা হবে। জরুরি ভিত্তিতে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে নদীভাঙনের বিস্তার রোধ এবং ঝুঁকিতে থাকা বসতভিটা, ফসলি জমি ও স্থাপনা রক্ষার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত ৩ জুন সম্ভুহালদারকান্দি এলাকায় চলমান নদীভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তারা ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

সেদিন সংসদ সদস্য মো. কামরুজ্জামান বলেছিলেন, নদীভাঙনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীও জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক কাজ শুরুর নির্দেশনার কথা জানিয়ে বলেছিলেন, ভাঙনের বিস্তার রোধ ও মানুষের ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার সকালে জিওব্যাগ ফেলার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে নদীভাঙনের আতঙ্কে থাকা এলাকাবাসীর আশা, দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন হলে সম্ভুহালদারকান্দিসহ আশপাশের এলাকার শত শত পরিবার ভাঙনের কবল থেকে রক্ষা পাবে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ