এইচএসসির ফল ৯ অগাস্ট
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার অংশ নেওয়া ১০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটছে ৯ অগাস্ট।
এইচএসসিতে বসছে ১১ লাখ শিক্ষার্থী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সচিবালয়ে সাংবাদিকদের জানান, ওইদিনই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।
গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত এইসএসসির লিখিত পরীক্ষা চলে। আর ১৩ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।
আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল ঘোষণার জন্য ৮ অথবা ৯ অগাস্ট প্রধানমন্ত্রীর সময় চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৯ অগাস্ট দিন ঠিক করে দেওয়া হয়।
রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ওইদিন সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন নাহিদ।
মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপরই পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।





