লৌহজংয়ে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক ও নগদ টাকা উদ্ধার
289

মুন্সিগঞ্জ, ১৮ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

আজ রোববার বিকাল ৫টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার হলদিয়া সাতঘরা সুইচগেট এলাকার মোঃ রোকন মন্ডল (৫৬) এবং শিমুলিয়া এলাকার মোঃ হৃদয় (৬০)। তারা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

সেনাবাহিনী সূত্র জানায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া এলাকায় এই তল্লাশি অভিযান চালায়। অভিযানে আটককৃতদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা, ৭টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য তাদের উদ্ধারকৃত মালামালসহ লৌহজং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলার নিরাপত্তা নিশ্চিতে এবং যেকোনো ধরনের নাশকতা ও মাদক নির্মূলে সেনাবাহিনীর এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যেকোনো সন্দেহজনক বা সন্ত্রাসী কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ