মোল্লাকান্দিতে প্রবাসীদের আগমনে প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী আটলান্টিক মাদ্রিদ
মুন্সিগঞ্জ, ৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
স্থানীয় প্রবাসীদের দেশে আগমন উপলক্ষে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি পশ্চিমপাড়ায় অনুষ্ঠিত হয়েছে জমজমাট এক প্রীতি ফুটবল ম্যাচ।
আজ সোমবার বিকাল ৪ টায় মাকহাটি পশ্চিমপাড়া বালুর মাঠে এ খেলার আয়োজন করা হয়।
আটলান্টিক মাদ্রিদ বনাম লিভারপুর নামের দুই দলের মধ্যকার ৬০ মিনিট করে দুটি অর্ধে খেলাটি ২-২ গোলে ড্র হয়। পরে নির্ধারিত পেনাল্টি শ্যুটআউটে আটলান্টিক মাদ্রিদ ৩-২ গোলে লিভারপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বয়স নির্বিশেষে এলাকার ছোট-বড় সবাই উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন।
খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলকে সম্মাননা ট্রফি প্রদান করা হয়। আয়োজনে প্রবাসীদের সার্বিক সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে উপস্থিত দর্শক ও অতিথিরা আয়োজক প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্থানীয় লোকজন জানান, এমন আয়োজন নিয়মিত করতে পারলে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং এলাকার সামাজিক সম্প্রীতি আরও মজবুত হবে।
একজন প্রবাসী বলেন, আমরা দেশে আসলে চাই এলাকার মানুষের সঙ্গে একটু আনন্দ ভাগাভাগি করতে। খেলাধুলার মাধ্যমে সবাই একত্রিত হয়, এটা আমাদের একটা মিলনের উপলক্ষ। ভবিষ্যতেও আমরা আরও বড় পরিসরে এমন আয়োজন করতে চাই।









