মুন্সিগঞ্জ সদরের ১০ স্কুলের ২৭ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা
মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দেওয়ানবাজার এলাকায় কনফিডেন্স একাডেমির উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলার অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার ঐতিহ্যবাহী কাজী কমরউদ্দিন (কে.কে.) সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব নজরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে এসএসসি পরীক্ষায় সফল হতে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, সঠিক প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাসই ভালো ফলাফলের মূল চাবিকাঠি। তিনি পরীক্ষার্থীদের সর্বোচ্চ সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফিডেন্স একাডেমির কর্ণধার মেহেদী হাসান হিমেল। তিনি শিক্ষার্থীদের পরীক্ষা পদ্ধতি, সময়ের সঠিক ব্যবহার (টাইম সেন্স), পর্যাপ্ত প্রস্তুতি এবং মানসিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে তিনি বলেন, “সময় গতিশীল, কারো জন্য থেমে থাকে না। তাই নিজেকে গুরুত্ব দিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে পরীক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। বিদায়ী এই সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।




