মুন্সিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
মুন্সিগঞ্জ, ২৯ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ৮ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালি থানার আড়াইঘরা গ্রামের শুকুর মিয়ার ছেলে জনি মিয়া (২৫) ও তার স্ত্রী শারমিন আক্তার (২০)।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ছয়টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা মর্নিং সান হোটেলের সামনে জনি-শারমিন দম্পতি এলোপাথারি হাঁটাহাঁটি করতে থাকলে বিষয়টি সন্দেহ হয় পুলিশের। পরবর্তীতে তাদের সাথে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করলে কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি প্যাকেটের ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’





