মুন্সিগঞ্জে সংখ্যালঘু পরিবারের গরু চুরি করলো আ. লীগ নেতার পুত্র!
1

মুন্সিগঞ্জ, ৯ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক সংখ্যালঘু পরিবারের গরু চুরির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

গত বুধবার (৬ মে) বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সুহেল (২৫) কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে। তার সঙ্গে অজ্ঞাত আরও দুইজন জড়িত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ৩টার দিকে কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা সুহেল ও তার দুই সহযোগী ঘোড়ামারা গ্রামে শুসংকর মন্ডল কালুর বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে সুযোগ বুঝে বাড়ির পাশের জমি থেকে লাল রঙের একটি ষাঁড় গরু নিয়ে পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী পরিবারের দাবি, গরুটির ওজন প্রায় ২০০ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা। গরু নিয়ে যাওয়ার সময় সতুরচর মাদ্রাসা এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তদের চলাচলের দৃশ্য ধরা পড়ে।

ভুক্তভোগী শুসংকর মন্ডল কালু বলেন, “আমরা সংখ্যালঘু মানুষ। অনেক কষ্ট করে গরুটি লালন-পালন করছিলাম। সিসিটিভি ফুটেজে চুরির প্রমাণ রয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও আমার গরু ফেরত চাই।”

এ বিষয়ে অভিযুক্ত মো. ইসরাফিল ও তার ছেলে সুহেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ