মুন্সিগঞ্জে বিয়ের প্রলোভনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বিবাহিত প্রতিবেশী গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ৩১ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থেকে ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মোফাজ্জল (৩৮) নামে এক বিবাহিত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত তিন সন্তানের জনক।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযুক্ত মোফাজ্জল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেলাপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত আকরাম শরীফের ছেলে।
তিনি পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকার এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। ওই বাড়ির পাশাপাশি কক্ষে ভিকটিম (১৪) তার পরিবারের সঙ্গে থাকত। দীর্ঘদিন একই বাড়িতে থাকার সুবাদে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে।
ওসি জানান, মোফাজ্জল বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একাধিকবার নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করেন। গত ১৮ মে রাত তিনটার দিকে ধর্ষণের সময় ভিকটিমের বাবা-মা তাদের দেখে ফেললে অভিযুক্ত কৌশলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গত ৩০ মে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মোফাজ্জল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় ভিকটিমের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়।
মামলা প্রক্রিয়া শেষে আজ রোববার আসামিকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।







