মুন্সিগঞ্জে দুর্গাপূজার জন্য প্রস্তত হচ্ছে ৩৫৮টি পূজা মণ্ডপ
352

মুন্সিগঞ্জ, ১৬ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পূজা উদযাপনের লক্ষ্যে জেলার পূজা মণ্ডপগুলো প্রস্তত করা হচ্ছে। জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। দেবী দুর্গাকে বরণ করতে জেলার ৩ শত ৫৮ টি পূজা মণ্ডপে ব্যাপক প্রস্তুতি চলছে। এ উপলক্ষে প্রতিমা কারিগররা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী স্বপন কুমার মোদক বলেন, জেলার ৬ টি উপজেলায় এ বছর ৩ শত ৫৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ৪৫ টি , গজারিয়ায় ১০ টি, টংগীবাড়িতে ৫২ টি , সিরাজদিখানে ১৩২ টি , লৌহজংয়ে ৩৪ টি এবং শ্রীনগরে ৮৫ টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

রিকাবিবাজার পৌরসভার আখড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায় , দেবী দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে। প্রতিমা নির্মাণ কারিগর মানিক পাল বলেন, এ বছর ২১টি প্রতিমা তৈরির কাজ পেয়েছি। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়।

আগামী ১ সপ্তাহের মধ্যে মণ্ডপ কর্তৃপক্ষ এসব প্রতিমা পূজা মণ্ডপে নিয়ে যাবে । সেখানে বিভিন্ন অংশ জোড়া লাগিয়ে রং তুলির কাজ করে শাড়ি গহনায় প্রতিমা সাজানো হবে।

সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্যে দিয়ে দেবী পক্ষের সূচনা হবে।

আগামী ২৭ সেপ্টেম্বর দেবীর বোধন ও মহাপঞ্চমী এবং ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী এবং ৩০ সেপ্টেম্বর মহা অষ্টমী অনুষ্ঠিত হবে। ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দুর্গাদেবী গজে বা হাতির পিঠে চড়ে মর্ত্যে আগমন করবেন। আর দোলা বা পালকিতে চড়ে ফিরে যাবেন।

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান , উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব্ উদযাপনের লক্ষ্যে পুলিশ প্রশাসন জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রতিটি পূজা মণ্ডপে আনসার ও পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া সাদা পোশাকেও পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। তিনি জানান, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোন আশঙ্কা নেই।

জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী স্বপন কুমার মোদক বলেন , জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় গত বছরের চেয়ে এ বছর ২০টি বেশি পূজা মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা হয়েছে। তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ