মুন্সিগঞ্জের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়; প্রতিকূল আবহাওয়ায় বিকল্প প্রস্তুতি
6

মুন্সিগঞ্জ, ২৭ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

কাল বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা ও পৌর এলাকায় ঈদের প্রধান জামাতসহ বিভিন্ন কর্মসূচির সময়সূচি ও সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন।

জানা গেছে, কাল সকাল সাড়ে ৭টায় মুন্সিগঞ্জ কালেক্টরেট সংলগ্ন মাঠে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের ইমামের পরিচালনায় এই জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে মুসল্লিদের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে কালেক্টরেট জামে মসজিদ ও শহর জামে মসজিদে প্রধান জামাত স্থানান্তরিত করা হবে।

এই জামাত ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জেলা প্রশাসন ও মুন্সিগঞ্জ পৌরসভা।

​এছাড়াও মুন্সিগঞ্জে আরও দুটি ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। সকাল ৭টা ৪৫ মিনিটে টেনিস গ্রাউন্ডে ঈদের ২য় জামাত এবং সকাল ৮টা মিনিটে শহর জামে মসজিদে ৩য় জামাত অনুষ্ঠিত হবে।

​ঈদ উদযাপনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে—ঈদের আগের দিন সুবিধাজনক সময়ে মুন্সিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে “ঈদ মোবারক” সম্বলিত বাংলা ও আরবিতে খচিত ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ। ঈদের দিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে (জাতীয় পতাকা বিধি অনুযায়ী), যার দায়িত্বে থাকবেন স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান বা ভবন মালিকগণ।

​এছাড়া ঈদের দিন দুপুর ১ টা হতে দেড়টার মধ্যে জেলার জেলখানা, হাসপাতাল ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এই মানবিক কার্যক্রমটি সিভিল সার্জন, জেলা সুপার (জেলা কারাগার) এবং উপ-পরিচালক (সমাজসেবা কার্যালয়, মুন্সিগঞ্জ)-এর যৌথ ব্যবস্থাপনায় সম্পন্ন হবে।

ঈদের জামাতসমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও মুন্সিগঞ্জ পৌরসভা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে জামাতে শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ