মুন্সিগঞ্জের দুইটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, একটিতে পরিবর্তনের আভাস
মুন্সিগঞ্জ, ২৪ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলার দুইটি সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হলেও একটি আসনে পূর্বের ঘোষিত প্রার্থী গুরুতর অসুস্থ থাকায় তাকে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। তবে, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়নি।
জানা গেছে, আগামীকাল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে পরবর্তী স্থায়ী কমিটির সভায় অথবা এর আগেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ ৪-৫ দিন অপেক্ষা করতে হতে পারে।
আজ বুধবার দুপুরের পর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে চূড়ান্ত প্রার্থীদের অনুকুলে ‘দলীয় মনোনয়ন ফরম’ সরবরাহ শুরু হয়।
পরে মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়ে শেখ মো. আব্দুল্লাহ ও মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান (রতন) তাদের ফরম সংগ্রহ করেন।
জানা যায়, মুন্সিগঞ্জ-২ আসনে পূর্ব ঘোষিত প্রার্থী মিজানুর রহমান সিনহা গুরুতর অসুস্থ হয়ে দেশের বাইরে থাকায় তার দলীয় মনোনয়ন সংক্রান্ত ঘোষণাপত্রটি কেউ সংগ্রহ করেনি। অন্যদিকে, এই আসনে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ একটি গণমাধ্যমকে বলেছেন, ‘দল আমাকে মনোনয়ন ফরম দিয়েছে। আমি সেটি পূরণ করে জমা দিয়েছি। আশা করি চূড়ান্ত মনোনয়ন পাব এবং মুন্সিগঞ্জ-২ আসনে নির্বাচনে অংশ নেব। আপাতত এটুকুই বলতে পারছি।’
এর আগে গত ৩ নভেম্বর ১ ও ২ নং আসনে এবং ৪ ডিসেম্বর ৩নং আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিএনপি।
দলীয় সূত্র জানায়, প্রার্থীদের মনোনয়ন চূড়ান্তের মধ্য দিয়ে মুন্সিগঞ্জে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও গতি পেল। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে মনোনয়ন ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতারা আশা প্রকাশ করছেন, দলীয় ঐক্য বজায় রেখে মাঠে সক্রিয় হলে আসন্ন নির্বাচনে মুন্সিগঞ্জের আসনগুলোতে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে।









