মুন্সিগঞ্জের তাওসিফের নেতৃত্বে আন্তর্জাতিক রোবোটিক্স মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘দেশি বোটস’
৫১

মুন্সিগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে জাপান ও ইতালিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে তরুণ শিক্ষার্থীদের রোবোটিক্স দল ‘দেশি বোটস’। সম্প্রতি অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতার জাতীয় পর্বে একাধিক বিভাগে সাফল্য দেখিয়ে আন্তর্জাতিক আসরের টিকিট নিশ্চিত করেছে দলটি।

জাপানে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড রোবট গেমস (WRG)-এর জাতীয় পর্বে ‘লাইন ফলোয়িং রোবট’ বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছে ‘দেশি বোটস’। একই প্রতিযোগিতার ‘রোবট সকার’ বিভাগে দলটি চতুর্থ স্থান অর্জন করে। এর ফলে জাপানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে দলটি।

এদিকে ইতালিকেন্দ্রিক ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবট ও STEM অলিম্পিয়াড-২০২৬-এর জাতীয় পর্বেও সাফল্য পেয়েছে ‘দেশি বোটস’। প্রতিযোগিতার ‘রোবট সকার’ বিভাগে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক অর্জনের পাশাপাশি ‘লাইন ফলোয়িং রোবট’ বিভাগে চতুর্থ স্থান লাভ করেছে দলটি। এই সাফল্যের সুবাদে ইতালিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক পর্বে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেয়েছে তারা।

দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া ‘দেশি বোটস’ দলের সদস্যদের মধ্যে রয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকার সন্তান এবং সোনারগাঁও ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী তাওসিফ আহমেদ। দলের অন্য সদস্যরা হলেন মেঘনা উপজেলার সন্তান ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থী মাহিম ইসলাম এবং কুমিল্লার সিফাত।

দলের সদস্য তাওসিফ আহমেদ বলেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তাদের জন্য আনন্দ ও গর্বের। জাপান ও ইতালির আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের তরুণদের প্রযুক্তিগত সক্ষমতা এবং উদ্ভাবনী চিন্তার পরিচয় তুলে ধরতে তারা প্রস্তুতি নিচ্ছেন।

তরুণ শিক্ষার্থীদের এমন সাফল্যে গজারিয়াসহ মুন্সীগঞ্জের বিভিন্ন মহলে তাদের নিয়ে আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক দুই আসরে বাংলাদেশের হয়ে ভালো করার লক্ষ্যে বর্তমানে প্রস্তুতি নিচ্ছে ‘দেশি বোটস’।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ