ফিল্মফেয়ারের ভোটের লড়াইয়ে শাকিব খান
ভারতের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ছয় দশক ধরে চলছে এই প্রতিযোগিতা। কয়েক বছর ধরে যোগ হয়েছে বাংলা ছবির ক্যাটাগরিও। মুম্বাইয়ের ঝলমলে রূপের নগরে সারি ধরে যাচ্ছেন ভারতীয় বাংলা ছবি করিয়েরাও। এমনকি সেখানে মনোয়নপ্রাপ্তির সুবাদে আলোচিত হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।
২০১৬ সালেও দেয়া হবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (বাংলা)। এজন্য শুরু হয়েছে ভোটের লড়াই। ফিল্মফেয়ারের ওয়েবসাইটে মনোনয়নের জন্য পোল খোলা হয়েছে। এখান থেকে দর্শকদের ভোটে নির্বাচিতদের মধ্য থেকে মনোনয়ন দেয়া হবে। এই ভোটাভুটিতে অংশ নিতে পারছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের ভক্তরাও।
‘শিকারী’ ছবির জন্য শাকিব খানের ভক্তরা ভোট দিতে পারছেন। মনোনয়ন পেয়ে গেলে মুম্বাইয়ে পুরস্কার আসরে অংশগ্রহণের আমন্ত্রণ পাবেন এদেশের কিং খান। যৌথ প্রযোজনার দ্বিতীয় ছবিতে এই প্রাপ্তি ওপারে এই দাপুটে নায়কের অবস্থানকে আরো শক্ত করবে।
শাকিবের পাশাপাশি শুভ, কুসুম, ফারিয়া, জলি, জয়াকে ভোট করা যাবে যথাক্রমে ‘নিয়তি’, ‘শঙ্খচিল’, ‘হিরো ৪২০’, ‘নিয়তি’ এবং ‘ঈগলের চোখ’ ছবির জন্য। ‘ঈগলের চোখ’ ছাড়া সবগুলোই যৌথ প্রযোজনার ছবি। ফারিয়ার ‘বাদশা দ্য ডন’ হিট হলেও এর জন্য ভোটের ব্যবস্থা রাখা হয়নি। মনোনয়নপ্রাপ্তির সুযোগ পাবে না ‘বাদশা’। পরীমণির ‘রক্ত’ পশ্চিম বঙ্গে মুক্তি না পাওয়ায় সুযোগ হারালো ভোটাভুটির।
বাংলাদেশি তারকাদের ভোট দিতে চাইলে ফিল্মফেয়ারের ওয়েবসাইট filmfare.com/awards/filmfare-awards-east-2017/) এই ঠিকানায় যেতে হবে। এজন্য শুধু নাম এবং ই-মেইল অ্যাড্রেসের প্রয়োজন হবে। এছাড়া অনেকগুলো ক্যাটাগরিতে বাধ্যতামূলক ভোট দিতে হবে।





