নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে সাড়ে ৫ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ
মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে প্রায় ৩৯ লক্ষ টাকা মূল্যের সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ হয়েছে।
আজ সোমবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ টি ট্রাক তল্লাশি করে প্রায় ১৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
অপরদিকে, একই দিন ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া ষাটনল সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ২ টি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে, জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।





