ঢাকায় পলাতক মুন্সিগঞ্জের ছাত্রলীগ নেতা মোস্তফা গাজি গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২৮ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সভাপতি মোস্তফা গাজিকে (৩৪) গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।
৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেটে নিহত নুর মোহাম্মদ ওরফে ডিপজল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তিনি।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানী ঢাকার গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের একটি মোবাইলের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক ইব্রাহীম নিরব এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সূত্রে মোস্তফা গাজির অবস্থানের খবর পেয়ে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের ২য় তলার একটি মোবাইল দোকানে যাই। প্রথমে সে পরিচয় অস্বীকার করে, পরে মার্কেটের অন্যান্য ব্যবসায়ী ও কমিটির সহযোগিতায় পরিচয় নিশ্চিত হয়ে বিষয়টি মুন্সিগঞ্জ জেলা পুলিশকে জানাই। পরে তারা বংশাল থানায় জানালে পুলিশ এসে ওই ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
পুলিশের বরাত দিয়ে ওই সমন্বয়ক জানান, আগামীকাল তাকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।





