জুলাই শহীদ দিবসে মুন্সিগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভায় শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণের আহবান
মুন্সিগঞ্জ, ১৬ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জুলাই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।
এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতন্ত্রের আদর্শে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের গৌরব তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।









