অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাওয়ারলিফটিংয়ে শক্তির ছাপ রাখলেন মুন্সিগঞ্জের মিরাজ
মুন্সিগঞ্জ, ৮ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ‘দ্য স্ট্রেংথ হ্যাভেন’ (The Strength Haven) পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার এলাকার তরুণ পাওয়ারলিফটার মো. মিরাজ। প্রতিযোগিতায় ৪২ জন প্রতিযোগীর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছেন তিনি।
ওপেন বিভাগের ৬৪ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে মিরাজ মোট ৪৮৭ দশমিক ৫ কেজি ওজন উত্তোলন করেন। প্রতিযোগিতায় তাঁর স্কোয়াট ছিল ১৭০ কেজি, বেঞ্চ প্রেস ১০২ দশমিক ৫ কেজি এবং ডেডলিফট ২১৫ কেজি। তিনটি ইভেন্ট মিলিয়ে তাঁর মোট উত্তোলন ছিল ৪৮৭ দশমিক ৫ কেজি, যা তাঁকে প্রতিযোগিতায় চতুর্থ স্থান এনে দেয়।
মিরাজের পাওয়ারলিফটিংয়ের পথচলা শুরু স্কুলজীবনে শরীরচর্চার মাধ্যমে। তবে ২০২২ সাল থেকে তিনি পেশাদারভাবে পাওয়ারলিফটিং অনুশীলন শুরু করেন। অল্প সময়ের মধ্যেই দেশের পাওয়ারলিফটিং অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
দেশীয় পর্যায়ে তাঁর উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ২০২৪ সালের মেটাল ওয়ার পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় ৭৪ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হওয়া। একই বছর ফিট গুরু পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপেও একই ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হন তিনি। এছাড়া দেশের প্রথম ইউনিভার্সিটি পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ের পাশাপাশি সরকারি হরগঙ্গা কলেজের প্রতিনিধিত্ব করেন।
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর নতুন পরিবেশ, পড়াশোনা ও ব্যস্ত জীবনের কারণে একসময় খেলাধুলা থেকে দূরে সরে গিয়েছিলেন মিরাজ। তবে পাওয়ারলিফটিংয়ের প্রতি ভালোবাসাই তাঁকে আবারও প্রতিযোগিতার মঞ্চে ফিরিয়ে আনে।
মিরাজ বলেন, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসার পর জীবন অনেক বদলে যায়। নতুন পরিবেশ, পড়াশোনা এবং নানা ব্যস্ততার মধ্যে অনেক সময় মনে হয়েছে নিজেকেই হারিয়ে ফেলছি। অনেক চিন্তা-ভাবনার পর আবার পাওয়ারলিফটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিই। পথে নানা বাধা ও প্রতিকূলতা এসেছে, কিন্তু আমি হার মানিনি। এই প্রতিযোগিতার সবচেয়ে বড় লড়াই ছিল নিজের সঙ্গে নিজের। সেই লড়াইয়ে সফল হতে পেরে আমি আনন্দিত।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আরও বড় সাফল্য অর্জন করতে চান। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে সেই লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চান তিনি।
বিদেশের মাটিতে মো. মিরাজের এই অর্জন ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বাংলাদেশের পাওয়ারলিফটিং অঙ্গনের সম্ভাবনাকেও নতুন করে তুলে ধরেছে।









