২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:৫০
৮ তলা বহুতল ভবন হচ্ছে মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির, জমি দেবে আইন মন্ত্রণালয়
খবরটি শেয়ার করুন:
253

মুন্সিগঞ্জ, ১০ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটলো মুন্সিগঞ্জের আইনজীবীদের।

প্রথমবারের মত ৮ তলা বহুতল ভবন হতে যাচ্ছে জেলা আইনজীবী সমিতির। এ জন্য ১৬ শতাংশ জমি দিচ্ছে আইন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১২ সাল থেকে আমরা চেষ্টা করছিলাম এখানে একটি বহুতল ভবন নির্মাণের। কিন্তু তৎকালীন আওয়ামী সরকার আমাদের বিষয়গুলো বিবেচনায় নেয়নি। সবশেষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র আইন উপদেষ্টা

আসিফ নজরুলের কাছে বিষয়টি তুলে ধরেন। পরে আমি ব্যক্তিগত পর্যায়ে আইন উপদেষ্টার সাথে একাধিকবার যোগাযোগ করি এবং তার কাছে ভবন নির্মাণের যৌক্তিকতা তুলে ধরি। তিনি আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেন এবং ১৬ শতাংশ জমি দেয়ার প্রস্তাব গ্রহণ করেন। আমার পাশাপাশি জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা ও সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম নিয়মিত উপদেষ্টার সাথে যোগাযোগ রাখেন।

‘আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের নিজস্ব অর্থায়নে কাজটি শুরু করতে পারব। আনুমানিক ১৬ কোটি টাকা ব্যায় হতে পারে’- বলেন হালিম হোসেন।

তিনি আরো বলেন, ভবনটি হবে জজকোর্টের আদলে। এবং আধুনিক সকল সুযোগ সুবিধা এখানে থাকবে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম বলেন, বাংলাদেশের কোথাও এর আগে এরকম বহুতল ভবন পায়নি আইনজীবী সমিতি। আজ আমরা উচ্ছ্বসিত, হালিম হোসেন ও উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি আমরা চির কৃতজ্ঞ।