৪ আগস্ট পালিত হবে ‘রক্তাক্ত মুন্সিগঞ্জ দিবস’
মুন্সিগঞ্জ, ২ আগস্ট ২০২৫, নাজমুল হাসান শাওন (আমার বিক্রমপুর)
২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলনের দিনটিকে স্মরণীয় করে রাখতে আগামী সোমবার দিবস পালনের উদ্যোগ নিয়েছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। এদিন জেলাব্যাপী যথাযথ সম্মান ও মর্যাদায় পালিত হবে ‘রক্তাক্ত মুন্সিগঞ্জ দিবস’।
দিনটিকে ঘিরে ইতিমধ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়- এদিন সকাল সাড়ে ৯টায় শহরের উত্তর ইসলামপুর এলাকায় সড়ক বিভাজনের উপর ৩ শহিদ স্মরণে নির্মিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন শহিদ পরিবারের সদস্যরা। পরে শহরের লিচুতলা এলাকায় অবস্থিত ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’-এ শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধন হবে আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী। এ কর্মসূচির উদ্বোধন করবেন জেলা প্রশাসক। এছাড়া বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে ‘রক্তাক্ত মুন্সিগঞ্জ’ শীর্ষক আলোচনা সভা।
প্রসঙ্গত; ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে শহরের উত্তর ইসলামপুর এলাকার ৩ জন নিহত হন। এছাড়া ১৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় নিহত হন আরও ১৩ জন।
মুন্সিগঞ্জে ৪ আগস্টে নিহতরা হলেন, আলী আকবর মোল্লার পুত্র শ্রমিক সজল মোল্লা (৩১), মতিন ফরাজীর পুত্র শ্রমিক রিয়াজুল ফরাজী (৩৮) ও সিরাজ সরদারের পুত্র শ্রমিক নুর মোহাম্মদ ওরফে ডিপজল (২২)। গত ১৯ জুলাই গণঅভ্যুত্থানে ৩ শহিদ স্মরণে উত্তর ইসলামপুর এলাকায় ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ’ কার্যক্রম শুরু হয়। এরপর ২৭ জুলাই শহীদদের স্মরণে শহরের লিচুতলা এলাকায় ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।


