২৪ বছর ধরে মিডিয়া জগত মাতাচ্ছেন মুন্সিগঞ্জের মেয়ে আনিকা কবির শখ
মুন্সিগঞ্জ, ১৬ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
সময়ের সাথে সাথে শোবিজ অঙ্গনে কত তারকারই না আগমন-প্রস্থান ঘটে। কিন্তু কিছু মুখ দর্শক হৃদয়ে এমনভাবে দাগ কেটে যায়, যাদের জনপ্রিয়তা কখনো ম্লান হয় না। তেমনই এক উজ্জ্বল নক্ষত্রের নাম আনিকা কবির শখ।
পৈতৃক সূত্রে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কবুতরখোলা মাটির সন্তান শখ দীর্ঘ ২৪ বছর ধরে নিজের অভিনয়, মিষ্টি হাসি আর অনবদ্য নাচ দিয়ে মাতিয়ে রাখছেন দেশের মিডিয়া জগত। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে আজ তিনি দেশীয় শোবিজের অন্যতম জনপ্রিয় ও সফল এক মডেল-অভিনেত্রী।
তার শিক্ষা জীবন শুরু করেন গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা স্কুলে ভর্তি হয়ে। তার বয়স যখন ৪ অথবা ৫, তখন থেকেই তাকে নাচতে দেখা যেত। একা একাই তিনি নাচতেন। নাচের প্রতি শখের এই আগ্রহ দেখে তার বাবা তাকে ভর্তি করিয়ে দেন বাড়ির পাশেই গেন্ডারিয়ার একটি নাচের স্কুলে। সেখান থেকে শিশু একাডেমীতে। খুব দ্রুত নাচের মুদ্রা আয়ত্ব করার কারণে অল্পদিনেই তিনি প্রিয় হয়ে উঠেন নৃত্যশিক্ষকদের কাছে। ২০০৯ সালে তিনি এসএসসি পাশ করেন।
শিশুশিল্পী থেকে শীর্ষ তারকা
২০০২ সালে মিডিয়াতে শখের পদার্পণ ঘটেছিল অত্যন্ত নিভৃতে, একজন শিশুশিল্পী হিসেবে। তবে গ্ল্যামার আর প্রতিভার গুণে দর্শকদের নজর কাড়তে তাঁর বেশি সময় লাগেনি।
মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় অভিষেক হয়েছিল শখের। এরপর নাটক এবং চলচ্চিত্রে শুরু তার পদাচারণা শুরু। মডেল হিসেবে প্রথম বিজ্ঞাপনেই চমক তৈরি করেন শখ। তার প্রথম বিজ্ঞাপন ছিল সানসিল্ক (স্টিল অ্যাড)। চলচ্চিত্রের সেই সময়ের সুপারস্টার চিত্রনায়ক রিয়াজের সঙ্গে তাকে অনবদ্য ভঙ্গিতে দেখা যায় একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে। এরপর করেছেন বাংলালিংকের দেশ সিরিজের বেশ কিছু বিজ্ঞাপন। বাংলালিংকের দেশ সিরিজের নাচে-গানে ভরপুর নতুন বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে শখ সুযোগ পান নাচের মেয়ে বলেই। এই বিজ্ঞাপনটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে।
২০০৮ সালে জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির ‘এফএনএফ: ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় তাঁর আনুষ্ঠানিক অভিনয় যাত্রা শুরু হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক একক নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ছোটপর্দায় শীর্ষ তারকাদের একজন হিসেবে।
বিজ্ঞাপন ও নাচে অপ্রতিদ্বন্দ্বী
টেলিভিশন বিজ্ঞাপনের (টিভিসি) কথা বললে আনিকা কবির শখের নাম আসবে প্রথম সারিতে। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপনে মডেল হয়ে তিনি তরুণ প্রজন্মের ক্রেজ-এ পরিণত হন। তাঁর সাবলীল অভিনয় এবং চমৎকার অভিব্যক্তি বিজ্ঞাপনে আলাদা মাত্রা যোগ করত। এর পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবেও শখের বেশ সুনাম রয়েছে। বিভিন্ন বড় রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর পরিবেশিত নৃত্য দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে।
বড় পর্দায় রাজকীয় অভিষেক
ছোটপর্দায় জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০১০ সালে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় শখের রাজকীয় অভিষেক ঘটে। সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পাওয়ার পাশাপাশি শখের অভিনয়ও প্রশংসিত হয়। পরবর্তীতে ২০১৪ সালে মুক্তি পায় তাঁর অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘অল্প অল্প প্রেমের গল্প’। চলচ্চিত্র সংখ্যায় কম হলেও রূপালি পর্দায় নিজের গ্ল্যামারের উপস্থিতি বেশ ভালোভাবেই জানান দিয়েছিলেন তিনি।
বিরতি পেরিয়ে ফেরা ও বর্তমান ব্যস্ততা
ক্যারিয়ারের একপর্যায়ে বিয়ে ও মাতৃত্বের কারণে মিডিয়া থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন মুন্সিগঞ্জের এই গুণী কন্যা। তবে চিরচেনা ক্যামেরার আলো আর ভক্তদের ভালোবাসা তাঁকে আবারও ফিরিয়ে এনেছে প্রিয় আঙিনায়। বিরতি কাটিয়ে কামব্যাক করার পরও শখের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। বর্তমানে তিনি সংসার সামলানোর পাশাপাশি বেছে বেছে মানসম্মত নাটক ও বিভিন্ন ফ্যাশন হাউজের ওভিসি-টিভিসিতে কাজ করছেন।
দীর্ঘ দুই যুগের এই পথচলায় শখ প্রমাণ করেছেন, রূপের চেয়েও মেধা ও সততা একজন শিল্পীকে দীর্ঘদিন টিকিয়ে রাখে। মুন্সিগঞ্জ জেলার গর্ব আনিকা কবির শখ আগামী দিনগুলোতেও তাঁর অনবদ্য কাজ দিয়ে বাংলাদেশের মিডিয়া জগতকে সমৃদ্ধ করে যাবেন—এমনটাই প্রত্যাশা তাঁর কোটি ভক্তের।









