হরগঙ্গা: যে কলেজে একসময় ছাত্র ছিলেন, সেই কলেজের অধ্যক্ষ হলেন শামীম আহসান খান
1

মুন্সিগঞ্জ, ৯ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কলেজটিরই সাবেক শিক্ষার্থী মো. শামীম আহসান খান। দীর্ঘদিন পর নিজের শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত সেই কলেজেই এবার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

একযোগে ৬৭ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বরিশাল সরকারি আবুল কালাম কলেজের সাবেক অধ্যক্ষ মো. শামীম আহসান খানকে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক নয়টি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানা যায়।

শামীম আহসান খান সদর উপজেলার কেওয়ার এলাকার বাসিন্দা। তিনি মাধ্যমিক পর্যায়ে শহরের কে. কে. সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে প্রতিষ্ঠানে কাটিয়েছেন, সেই কলেজেই এবার অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা এতদিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে ছিলেন। এর আগে তিনি বরিশাল সরকারি আবুল কালাম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একই প্রজ্ঞাপনমালায় ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ হিসেবে রংপুর সরকারি কলেজের অধ্যাপক ড. মো. মাগফুর হোসেনকে নিযুক্ত করা হয়েছে।

স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা, নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন দায়িত্ব নিয়ে শামীম আহসান খান হরগঙ্গা কলেজের শিক্ষা ও একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ