১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৬:২৬
স্বপ্নজয়ী পাঠশালার ৪০ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ
খবরটি শেয়ার করুন:
104

মুন্সিগঞ্জ, ১১ জুলাই ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মানবতার ফেরিওয়ালা (টংগিবাড়ী) নামক প্রবাসীদের একটি সংগঠনের উদ্যোগে মুন্সিগঞ্জের স্বপ্নজয়ী পাঠশালার ৪০ জন দরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলার্দিচর এলাকায় অবস্থিত স্বপ্নজয়ী পাঠশালায় এই আয়োজনে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।

সংগঠনটির বিদেশে অবস্থানরত সদস্যদের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। প্রবাসী মো. আল-আমিন ছৈয়াল, মো. কালাম বেপারী, মো. ফেরদৌস শেখ, মো. আদনান পোদ্দারসহ আরও কয়েকজন প্রবাসী ও দেশীয় সদস্য যৌথভাবে এ উদ্যোগের পেছনে ভূমিকা রাখেন।

মানবতার ফেরিওয়ালা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া অবহেলিত মানু্‌ষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চায়।

শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এই স্বপ্নজয়ী পাঠশালা।

স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যেই ২০২৪ সালের ১ জুন মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলার্দিচর এলাকায় ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করে স্বপ্নজয়ী পাঠশালা। মাত্র ১৭ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এই পাঠশালায় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।

স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশন শুধু মুন্সিগঞ্জেই নয়, দেশের আরও ৭টি জেলায় নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বাগেরহাট, রাজবাড়ী, মাধবপুর ও গাজীপুর পাঠশালা পরিচালনা করছে। সংগঠনটির মূল কার্যক্রম পরিচালিত হয় বাগেরহাট জেলা সদর থেকে।

মুন্সিগঞ্জের পাঠশালাটি স্থানীয়ভাবে পরিচালনা করছেন কামরুজ্জামান কামাল। পাঠদানে নিয়োজিত রয়েছেন ২ জন কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং ২ জন গৃহিনী।