সাবেক এমপি সুকুমার ও তার স্ত্রীর নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম পরিবর্তন
মুন্সিগঞ্জ, ১৯ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ৪টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে দুইটি মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষ, ১টি তার স্ত্রী আভারাণী ঘোষ ও আরেকটি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ভূইয়ার নামে প্রতিষ্ঠিত ছিল।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের প্রাণী মন্ডল গ্রামে প্রতিষ্ঠিত মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষের নামে সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রাণী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিকনিসার সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে চিকনিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুকুমার রঞ্জন ঘোষের স্ত্রী আভা রাণী ঘোষের নামে পাটাভোগ ইউনিয়নের জশুর গাও আভা রানী ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জশুরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কুকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।


