শ্রীনগরে বিএনপি নেতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রার্থী!
মুন্সিগঞ্জ, ২৫ ডিসেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আগামী ২৬ শে ডিসেম্বর শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।
এ সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়নটিতে বইছে উৎসব মুখর পরিবেশ। পাশাপাশি ষোলঘর ইউনিয়ন কেয়টখালী গ্রামের বিএনপি নেতা মোঃ মোয়াজ্জেম হোসেন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হওয়ায় চলছে নানা গুঞ্জন।
জানা গেছে, শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের বিএনপির সভাপতি দেওয়ান নাসিরুল হক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত কমিটিতে স্থান পেয়েছে ৪৫ ক্রমিক নম্বরে কেয়টখালী গ্রামের বিএনপি নেতা মোঃ মোয়াজ্জেম হোসেনের নাম।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মমিন আলী ও সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন গত ০১/০৫/২০১০ইং তারিখে ওই কমিটি অনুমোদন করেন। এই বিএনপি নেতার আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হওয়ায় ইউনিয়নের আওয়ামী শিবিরে চরম ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মিদের মাঝে।
বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ইউনিয়ন আওয়ামী লীগে অনুপ্রবেশকে কেন্দ্র করে সম্প্রতি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ।
এদিকে উপজেলা আওয়ামী লীগের এক ত্যাগী নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন কাদের ছত্রছায়ায় গুরত্বপূর্ণ এমন একটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী হতে সাহস পায় তা ক্ষতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে ষোলঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, কেয়টখালী গ্রামের মোয়াজ্জেম হোসেন আমাদের ইউনিয়ন বিএনপির কার্যকরী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন বলেন কমিটিতে আমার নাম থাকলেও আমাকে না জানিয়ে দেওয়া হয়েছে।


