শ্রদ্ধা, সম্মান, মর্যাদায় ইহলোক থেকে গর্বের বিদায় খালেদা জিয়া
মুন্সিগঞ্জ, ৩১ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
স্বতঃস্ফুর্ত গণমানুষের মানুষের শ্রদ্ধা, যথাযথ সম্মান ও অভূতপূর্ব রাষ্ট্রীয় মর্যাদায় ইহলোক থেকে গর্বের বিদায় নিলেন বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বে দ্বিতীয় সাবেক নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ বুধবার বিকেল ৩টা ৩ মিনিটের দিকে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাঁর মরদেহ শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের সমাধিস্থলের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হবে।
খালেদা জিয়ার জানাজা পড়ান বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
বেগম খালেদা জিয়ার জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং লাখো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধানসহ সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


