র্যাব-পুলিশ সেজে ডাকাতি করতেন তারা: টাকা-পোষাকসহ দুইজন গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ৮ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে র্যাব, পুলিশ ও ডিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতি চক্রের মূল হোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে র্যাবের পোশাক (কটি), ওয়াকিটকির চার্জার ও লুণ্ঠিত ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুর জেলার দক্ষিণ গাবতলী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে আ. রহমান মেহেদী (৩৬) এবং পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর কাজড় এলাকার নুর ইসলামের ছেলে মো. রাসেল (৩৮)। বর্তমানে তাঁরা ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মেহেদীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৮টি এবং রাসেলের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর শ্রীনগর থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার তদন্তে নেমে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় বিশেষ অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীনগর থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে যাত্রাবাড়ী এলাকা থেকে প্রথমে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ভাড়া বাসা থেকে দুটি র্যাবের কটি, একটি পিস্তলের কভার, দুটি ওয়াকিটকির চার্জার ও নগদ ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মেহেদীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে কদমতলী এলাকা থেকে তাঁর সহযোগী রাসেলকে গ্রেপ্তার করা হয়।
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (পশ্চিম) পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে র্যাব ও ডিবি পরিচয়ে ডাকাতি ও দস্যুতা করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ জানায়, এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


