রিকশাচালকের জীবনসংগ্রাম নিয়ে ২ ঘণ্টার সিনেমা মুন্সিগঞ্জের তরুণের, প্রদর্শনী ২৭-২৮ নভেম্বর
৯১

মুন্সিগঞ্জ, ১৬ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

একজন সাধারণ রিকশাচালকের জীবনসংগ্রাম, হাসি-কান্না, পারিবারিক ভালোবাসা আর বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বায়না’। দুই ঘণ্টার এই সিনেমাটি নির্মাণ করেছেন মুন্সিগঞ্জের তরুণ নির্মাতা পরাগ হোসেন উজ্জ্বল। আগামী ২৭ ও ২৮ নভেম্বর মুন্সিগঞ্জে সিনেমাটির পাঁচটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

২০২৩ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে চলে দৃশ্যধারণের কাজ। অবশেষে নির্মাণযাত্রা শেষে দর্শকদের সামনে আসছে সিনেমাটি।

সিনেমার গান কচুরি ফুল:

সিনেমাটিতে অভিনয় করেছেন শফিউর রহমান সাগর, জাহিদ রোহান, মুনা আক্তার ফাইজা, হাসান প্রধান, সুরভী লাবন্য, আজিজা মিতা, আদিয়ন, সিফাত, জুবায়ের, রাকিব হোসাইন জয়, মো. নুরুজ্জামান, স্বর্ণা শিলসহ আরও অনেকে। সিনেমাটির অভিনয়শিল্পীদের সবাই মুন্সিগঞ্জের বাসিন্দা।

দুই ঘণ্টা দৈর্ঘ্যের সিনেমাটিতে রয়েছে মোট চারটি গান। একজন সাধারণ মানুষের জীবনের নানা চড়াই-উতরাই, সুখ-দুঃখ এবং সংগ্রামের মধ্য দিয়ে এগিয়েছে সিনেমার গল্প।

আগামী ২৭ ও ২৮ নভেম্বর মুন্সিগঞ্জের এসপি অফিসের বিপরীতে অবস্থিত সফটভার্স আইটির হলরুমে সিনেমা ‘বায়না’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীর সময়সূচি অনুযায়ী, ২৭ নভেম্বর (শুক্রবার) প্রথম প্রদর্শনী শুরু হবে দুপুর ৩টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় প্রদর্শনী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। পরদিন ২৮ নভেম্বর (শনিবার) প্রথম প্রদর্শনী সকাল ১১টায়, দ্বিতীয় প্রদর্শনী বিকেল ৩টায় এবং তৃতীয় প্রদর্শনী সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

প্রতিটি প্রদর্শনীর জনপ্রতি শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে নির্মিত সিনেমাটি দেখতে জেলার দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন নির্মাতা পরাগ হোসেন উজ্জ্বল।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ