রাশিয়াতে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের দুই শিক্ষার্থীর ব্রোঞ্জ পদক অর্জন
মুন্সিগঞ্জ, ২৫ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বাংলাদেশ প্রথমবারের মতো Open International Biology Olympiad (OIBO) ২০২৬-এ অংশগ্রহণ করে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
রাশিয়ার Sirius Federal Territory-তে গত ১৫ থেকে ২২ মে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক জীববিজ্ঞান প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন বিআইএএম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ঢাকার খিলগাও এলাকার তাসিন মোহাম্মদ এবং মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার মেয়ে, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী রূপকথা রায়।
দলের নেতৃত্ব দেন Independent University, Bangladesh (IUB)-এর প্রভাষক আফিয়া নওশীন। পুরো অংশগ্রহণ ও প্রস্তুতি কার্যক্রম সমন্বয় করে Sustainability and Life Sciences Network (SLSN) এবং স্পন্সর হিসেবে সহযোগিতা দেয় একটি বেসরকারি ব্যাংক।
অলিম্পিয়াডে তাত্ত্বিক, ব্যবহারিক ও প্রজেক্টভিত্তিক—এই তিনটি ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষায় দক্ষতা প্রদর্শন করে তাসিন মোহাম্মদ ব্যক্তিগতভাবে Bronze Medal অর্জন করেন।
এছাড়াও “Practical Methods of Modern Botany” শীর্ষক প্রকল্প রাউন্ডে Team Bangladesh “Project Winner” স্বীকৃতি অর্জন করে। এ দলে ছিলেন তাসিন মোহাম্মদ ও রূপকথা রায়।
প্রকল্পে আধুনিক উদ্ভিদবিদ্যার ব্যবহারিক গবেষণা, মাঠ পর্যবেক্ষণ, পরিবেশগত তথ্য সংগ্রহ, নমুনা বিশ্লেষণ, DNA-ভিত্তিক গবেষণা এবং morphological study অন্তর্ভুক্ত ছিল।
কম সময়ের প্রস্তুতি নিয়েও বাংলাদেশ দল সফলভাবে গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতার পরিচয় দেয়।
মাঠ পর্যবেক্ষণ থেকে শুরু করে আধুনিক ল্যাবরেটরি বিশ্লেষণ পর্যন্ত প্রতিটি ধাপে দলটি দক্ষতার স্বাক্ষর রাখে।
বাংলাদেশ দলের এই অর্জন দেশের তরুণ বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের অংশগ্রহণ ও সাফল্য ভবিষ্যতে জীববিজ্ঞান ও গবেষণাভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের আরও সক্রিয় অংশগ্রহণের পথ সুগম করবে।





