রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান সালাউদ্দিন হোসেন টুটুল
36

মুন্সিগঞ্জ, ৭ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আসন্ন রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন হোসেন টুটুল।

নির্বাচনী পরিকল্পনা, এলাকার উন্নয়ন ভাবনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণাই তাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছে বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার করে সালাউদ্দিন হোসেন টুটুল বলেন, রামপাল ইউনিয়নকে আধুনিক ও উন্নত জনপদে পরিণত করাই আমার প্রধান লক্ষ্য।

তিনি জানান, নির্বাচিত হলে রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

এলাকার অন্যতম বড় সমস্যা হিসেবে মাদককে চিহ্নিত করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। প্রশাসন ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত রামপাল গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

তরুণ সমাজকে এগিয়ে নিতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এই প্রার্থী। তিনি বলেন, যুবকদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে।

ইউনিয়ন পরিষদের সেবা সহজ ও হয়রানিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ সব ধরনের সেবা দ্রুত, স্বচ্ছ ও সহজভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। পরিষদকে একটি কার্যকর সেবাকেন্দ্রে পরিণত করাই হবে তার লক্ষ্য।

সমর্থনের বিষয়ে তিনি জানান, দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে এলাকার সর্বস্তরের মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং জনগণের সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

ভোটারদের উদ্দেশে সালাউদ্দিন হোসেন টুটুল বলেন, জনগণ আমাকে সুযোগ দিলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সবার অংশগ্রহণে একটি উন্নত, আধুনিক ও মাদকমুক্ত রামপাল গড়ে তুলতে কাজ করবো। আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ