রাতে হঠাৎ মুন্সিগঞ্জের শ্রীনগর থানা পরিদর্শনে এলেন পুলিশের আইজিপি
মুন্সিগঞ্জ, ২ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বুধবার রাতে হঠাৎ মুন্সিগঞ্জের শ্রীনগর থানা পরিদর্শনে এলেন বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
রাত ৮টা ৫ মিনিটের দিকে শ্রীনগর থানা অভ্যন্তরে আইজিপি হাজির হলে তাকে শুভেচ্ছা জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ মহাপরিদর্শক থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বিশেষভাবে থানায় আগত সেবা প্রার্থীদের সেবা প্রদান পদ্ধতি—বিশেষত অনলাইন জিডি ও অন্যান্য নাগরিকসেবা কীভাবে প্রদান করা হয় সে বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রাত ৮টা ২৫ মিনিটের দিকে শ্রীনগর থানা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।
স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সফর থানার সার্বিক সেবা উন্নয়নে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।


